টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ১১টা ২০ মিনিট) শপথ বাক্য পাঠ করেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল।
এ দিকে শপথ নিয়েই মমতা জানালেন, তার প্রথম কাজ হবে রাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা করা। শপথ নেওয়ার পরে নবান্নে গিয়েই করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি।
ভারতীয় মিডিয়াগুলো জানিয়েছে, বুধবার সকাল সোয়া দশটার দিকে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা। মমতার সঙ্গে একই গাড়িতে রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি বরাবরের মতো সাদা শাড়ি এবং হাওয়াই চপল পরে ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি রাজভবনে পৌঁছান। এরপর রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রী হিসেবে মমতাকে শপথ বাক্য পাঠ করান।
সীমিত পরিসরে এই অনুষ্ঠানে মাত্র ২৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। অপরদিকে আগামী ৬ ও ৭ মে শপথ নেবেন নবনির্বাচিত বিধায়করা। তাদেরও রাজ্যপাল জগদীপ ধনখড় শপথ বাক্য পাঠ করাবেন।
গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৯৪টি আসনের মধ্যে ২১৩ আসন পেয়ে নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন মমতার বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল।
তবে নিজ আস নন্দীগ্রামে জয় পাননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ১ হাজার ৬২২ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। সংবিধান অনুযায়ী মমতাকে আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের কোনো একটি আসনে জয়ী হয়ে আসতে হবে বিধানসভায়।